মা ইলিশের জব্দ মাছ বাড়ি নিলেন মাদ্রাসাশিক্ষক ও আরেকজন, গলাচিপায় ৮০ হাজার টাকা জরিমানা
পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ করা মাছ এতিমখানা ও মাদ্রাসায় দেওয়ার পর সেগুলো ব্যক্তিগত বাড়িতে নিয়ে যাওয়ায় একজন মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে এই অনিয়ম ধরা হয়।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ চলাকালে নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে ধরা প্রায় ২৫ কেজি ইলিশ ও অন্যান্য মাছ জব্দ করা হয়। পরে তালতলী ইউনিয়নের বন্যাতলী খেয়াঘাটসংলগ্ন তিনটি মাদ্রাসা ও এতিমখানায় সেই মাছ বিতরণ করা হয়।
বিতরণের পর প্রশাসন গোপন সূত্রে খবর পায়, একটি মাদ্রাসার ভাগের মাছ প্রতিষ্ঠানে না পৌঁছে ব্যক্তিগত বাড়িতে নেওয়া হয়েছে। এ খবরের ভিত্তিতে রাত ৯টার দিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হয়।
অভিযানের সময় মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির শিক্ষক মো. আব্দুল্লাহকে (২৭) ডেকে জিজ্ঞাসাবাদ করলে তিনি মাছ বাড়িতে নেওয়ার কথা স্বীকার করেন। এ সময় জানা যায়, মাদ্রাসাটি আবাসিক নয়।
জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ জানান, তিনি এবং আবুল হোসেন (৫৫) প্রতিষ্ঠানের জন্য পাওয়া মাছ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন। তবে অন্য দুটি মাদ্রাসা ও এতিমখানার জন্য বরাদ্দ মাছ ঠিকমতো পৌঁছেছে বলে অভিযানে নিশ্চিত হয় প্রশাসন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, প্রতিষ্ঠানের মাছ ব্যক্তিগতভাবে নিয়ে যাওয়ার প্রমাণ মেলায় আব্দুল্লাহ ও আবুল হোসেনকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।