খুলনায় ১৬ ঘণ্টায় তিনজন গুলিবিদ্ধ, ছাত্রদল ও যুবদলের নেতাও আহতদের তালিকায়; আতঙ্কে স্থানীয়রা

খুলনায় মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে ছাত্রদল ও যুবদলের দুই নেতাসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আরও একজন আহত হয়েছেন। গুলিবিদ্ধদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরপর এসব ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারসংলগ্ন একটি দোকানের সামনে মোটরসাইকেলে আসা মুখোশধারী দুজন গুলি করে যুবদল নেতা ওহিদুল ইসলাম বাদলকে (৪৫)। তাঁকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাদল তেতুলতলা এলাকার আলতাফ হাওলাদারের ছেলে এবং জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। পুলিশ ও স্থানীয়রা জানান, জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তিনি হামলার শিকার হন। দুটি গুলি তাঁর বুক ও কোমরে লাগে।

এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে নিরালা ১৭ নম্বর রোডে সালমান (২৩) নামের এক যুবককে গুলি করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সালমান ১৬ নম্বর রোডের জাহাঙ্গীরের ছেলে এবং একটি সিগারেট কোম্পানির কর্মচারী। স্থানীয়রা জানান, নিজের প্রতিষ্ঠানের সামনে কাজ করার সময় মোটরসাইকেলে আসা তিনজন তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তাঁর কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পুলিশের ধারণা, ব্যাগে টাকা আছে ভেবে তাঁকে গুলি করা হয়েছে।

তারও আগে সোমবার মধ্যরাতে একই উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ছাত্রদল নেতা সোহেল শেখ (৩৬) গুরুতর আহত হন। উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। সোহেল বড় কড়িয়া এলাকার গনি শেখের ছেলে এবং আমিরপুর ইউনিয়ন (৭ নম্বর) ছাত্রদলের সাবেক সভাপতি। মোটরসাইকেলে বসে থাকা অবস্থায় আরও দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। গুলি তাঁর ডান হাত ও পেটের ডান পাশে লাগে। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

অন্যদিকে সোমবার সন্ধ্যায় নগরীর সদর থানা এলাকার পূর্ব বানিয়াখামারে খাদিমুল মাদ্রাসার পাশের একটি গলিতে ছয়-সাতজনের ছিনতাইকারী দল ছুরিকাঘাত করে রাসেলকে (৩২)। তাঁর কাছ থেকে নগদ ৬০০ টাকা ও একটি মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। রাসেল লবণচরা থানার পুটিমারি রেলব্রিজ এলাকার বাসিন্দা, তাঁর বাবার নাম আবুল কালাম শেখ। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

All Categories