রংপুরে মহাসড়কে থেমে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের পেছন থেকে ধাক্কা, প্রাণ গেল তিনজনের

রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাস থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও অন্তত ১৮ জন আহত হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত ও আহতদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ জানান, ফজরের নামাজের পর পাম্পের উল্টো পাশে মাজার মসজিদের সামনে মাটিবোঝাই একটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল। তখন ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে এসে ট্রাকটির পেছনে আঘাত করে। এরপর বাসটি সড়কবিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই এক যাত্রী প্রাণ হারান।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন। চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

All Categories