অমিতাভ ও মাধুরীর পুনর্মিলন, কবে ও কোথায় দেখা যাবে
এক যুগেরও বেশি সময় পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও মাধুরী দীক্ষিত। ১৯৯৮ সালের ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবির একটি গানে তাদের প্রথম একসঙ্গে দেখা যায়। তবে এবার সিনেমা নয়, এই জুটিকে টিভির পর্দায় দেখা যাবে। তারা ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’ টিভি শো-তে হাজির হবেন।
সর্বশেষ খবর অনুযায়ী, মাধুরী তার মারাঠি শো ‘কৌন হুনের ক্রোড়পতি’-র প্রচারের জন্য আসছেন। ভ্যারাইটি ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, অমিতাভ এবং মাধুরী এই সপ্তাহে একটি বিশেষ পর্বের শুটিং করবেন।
মাধুরী প্রথম ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে অতিথি হিসেবে এসেছিলেন ২০০১ সালে। সেই পর্বটি দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছিল এবং তিনি ৫০ লক্ষ টাকা জিতেছিলেন। এরপর তিনি ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র চতুর্থ সিজনে দেখা দেন, যা ২০১০ সালে প্রচারিত হয়েছিল। এবার তিনি তৃতীয়বারের মতো এই শো-এর অংশ হতে চলেছেন। মনে করা হচ্ছে, এই পর্বের পর শো-টির টিআরপি অবশ্যই বাড়বে।
অমিতাভ বচ্চন এবং মাধুরী দীক্ষিতকে একসঙ্গে প্রধান নায়ক-নায়িকা হিসেবে দেখার আকাঙ্ক্ষা ছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৯৮৯ সালে তিনু আনন্দ তাদের নিয়ে ‘শনাক্ত’ সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেছিলেন, যা পরে বাতিল হয়।
এরপর, ১৯৯৮ সালের ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ সিনেমার ‘মাখানা’ গানে তাদের একসঙ্গে দেখা যায়।
কাজের দিক থেকে, অমিতাভ বচ্চন ৮৩ বছর বয়সেও সিনেমা এবং টেলিভিশনে সক্রিয় রয়েছেন। তিনি বর্তমানে কমল হাসানের সঙ্গে 'কল্কি' ছবির পরবর্তী পর্বের শুটিং করছেন।