অক্টোবরের ১৩ দিনে ডেঙ্গুতে ৭১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৯৫৪

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩১৬ জনে পৌঁছেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ১,৯৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৩৯৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পাঁচজন ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা। এছাড়া খুলনা বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এখন পর্যন্ত ৯৭,২৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। আগের মাসে আগস্টে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৪৩ জনের। জুলাই মাসে ৩৬ এবং জুনে ১৩ জন মারা গেছেন। মে মাসে ১, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যুর তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের নথি বিশ্লেষণ করে দেখা গেছে, গত আগস্ট থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, যা সেপ্টেম্বরে বড় আকার ধারণ করেছে এবং অক্টোবরে আরো বৃদ্ধি পাচ্ছে। সেপ্টেম্বর মাসে ৪৩,৭৭৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে, যা আগের মাসে ২০,৫৩৬ জন ছিল। জুন মাসে ২,৯০৬ এবং জুলাই মাসে ৯,২০৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জানুয়ারিতে ১,০৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০ এবং মে মাসে ৭১৪ জন ডেঙ্গু শনাক্ত হয়েছে।

এদিকে চলতি অক্টোবরের ১৩ দিনে ২৩,৭৭৬ জনের ডেঙ্গু শনাক্তের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

All Categories