ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠন দিবস আজ
আজ ১০ এপ্রিল, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে এক তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭১ সালের এই দিনে গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম স্বাধীন সরকার মুজিবনগর সরকার। এই সরকারের মাধ্যমেই শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ পরিচালনা ও একটি স্বাধীন রাষ্ট্র গঠনের প্রাতিষ্ঠানিক পথচলা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি ঘোষণা করে গঠিত হয় এ সরকার। সে সময় বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন। অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
সরকার গঠনের দিনই তিনজন মন্ত্রী নিযুক্ত হন খন্দকার মোশতাক আহমদ (পররাষ্ট্র, আইন ও সংসদ), এম মনসুর আলী (অর্থ, বাণিজ্য ও শিল্প), এবং এ এইচ এম কামারুজ্জামান (স্বরাষ্ট্র, সরবরাহ, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি)। সদ্যপ্রয়াত এইচ টি ইমাম ছিলেন মন্ত্রিপরিষদ সচিব।
গঠনের পরদিন, ১১ এপ্রিল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তাজউদ্দীন আহমদ জাতির উদ্দেশে প্রথম বেতার ভাষণ দেন।
এরপর ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে আনুষ্ঠানিকভাবে মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠিত হয়। ১৮ এপ্রিল প্রথম মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের দপ্তর বণ্টন সম্পন্ন হয়।
একদিকে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ, অন্যদিকে আন্তর্জাতিক জনমত গঠনের কূটনৈতিক প্রচেষ্টা দুই দিক থেকেই অস্থায়ী এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাত্র নয় মাসেই সফলভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করে বাংলাদেশকে স্বাধীনতার দ্বারপ্রান্তে পৌঁছে দেয় এই সরকার।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে সেই পথচলা পূর্ণতা পায়। এই প্রেক্ষাপটে ১০ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয়, গৌরবময় দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে।