ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি
পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত রয়েছেন বদিউল আলম মজুমদার, অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের অধীনে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দুই ধাপে মোট ১১টি কমিশন গঠন করা হয়।
এসব কমিশনের সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। সেদিন ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
পরে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন—এই পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চায় ঐকমত্য কমিশন।
এ পর্যন্ত ৩৪টি দল তাদের মতামত দিয়েছে। এখন কমিশন আলাদা করে দলগুলোর সঙ্গে বৈঠক করছে।