ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা ১৫ অক্টোবর থেকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন

ন্যাশনাল ব্যাংক পিএলসির আমানতকারীরা আগামী ১৫ অক্টোবর থেকে তাদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারবেন। এজন্য ব্যাংকের সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জানান, বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে। ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে।

তিনি বলেন, আগামী ১৫ অক্টোবর থেকে আমানতকারীরা যেন তাদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারেন, সেজন্য সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

গভর্নর বলেন, সাম্প্রতিক সময়ে ন্যাশনাল ব্যাংক পিএলসির তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে। আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম সুশৃঙ্খল রাখার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

All Categories