নতুন নকশার ২০০ কোটি টাকার নোট বাজারে ছাড়ল বাংলাদেশ ব্যাংক

নতুন নকশা ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ রোববার প্রথমবারের মতো বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। তবে সাধারণ গ্রাহকেরা এসব নোট হাতে পাবেন আগামীকাল সোমবার থেকে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সই করা এই নতুন নোটগুলো আজ প্রাথমিকভাবে মতিঝিল অফিস থেকে ইস্যু করা হচ্ছে। পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখা থেকেও এই নোট বিতরণ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, মোট ১১টি ব্যাংকের মাধ্যমে বাজারে ছাড়া হচ্ছে প্রায় ২০০ কোটি টাকা। এসব ব্যাংক হলো—সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক।

এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন নোট চালুর পাশাপাশি বর্তমানে প্রচলিত সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রাও বৈধ থাকবে। নতুন নোটগুলোতে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের প্রতিফলন তুলে ধরা হয়েছে। পাশাপাশি যুক্ত করা হয়েছে উন্নতমানের নিরাপত্তা বৈশিষ্ট্য, যা জাল নোট শনাক্তে সহায়ক হবে।

১০০০ টাকার নোট : বেগুনি রঙের এই নোটের সম্মুখভাগে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ ও পেছনে জাতীয় সংসদ ভবনের চিত্র। রয়েছে রঙ পরিবর্তনশীল নিরাপত্তা সুতা, ম্যাজেন্টা-থেকে-সবুজে রঙ পরিবর্তনশীল কালি, জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘১০০০’ ও ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’। রয়েছে মোট ১৩টি নিরাপত্তা বৈশিষ্ট্য।

৫০ টাকার নোট : গাঢ় বাদামি রঙের নতুন ৫০ টাকার নোটে সম্মুখভাগে রয়েছে ঐতিহাসিক আহসান মঞ্জিল ও পেছনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’। নোটটিতে রয়েছে ৮টি নিরাপত্তা বৈশিষ্ট্য। জলছাপে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘৫০’ ও ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’।

২০ টাকার নোট : সবুজ রঙের আধিক্য থাকা ২০ টাকার নতুন নোটটি মুদ্রিত হয়েছে শতভাগ কটন কাগজে। সম্মুখভাগে রয়েছে দিনাজপুরের কান্তজিউ মন্দিরের ছবি এবং মাঝখানে জাতীয় ফুল শাপলার নকশা। পেছনে রয়েছে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি। জলছাপে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘২০’ ও ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’।

বাংলাদেশ ব্যাংক বলছে, জাল নোট প্রতিরোধ ও নোটের স্থায়িত্ব বাড়াতে এই নতুন সিরিজ চালু করা হয়েছে। ব্যাংকগুলোতে ধাপে ধাপে এসব নতুন নোট সরবরাহ করা হবে।

All Categories