নতুন নিয়মে নতুন সাজ, কান উৎসবে নজর কাড়লেন হ্যালি বেরি
কান চলচ্চিত্র উৎসব মানেই তারকাদের লাল গালিচায় চোখ ধাঁধানো উপস্থিতি। তবে এবারের ৭৮তম আসরে উৎসব কর্তৃপক্ষ বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে, যার মধ্যে অন্যতম হলো অতিরিক্ত খোলামেলা পোশাক ও লম্বা ট্রেনযুক্ত গাউন নিষিদ্ধ করা। এই কড়াকড়ির মধ্যেও অনন্য ফ্যাশন সেন্সে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী হ্যালি বেরি।
‘মিশন: ইমপসিবল — দ্য ফাইনাল রেকনিং’-এর প্রিমিয়ারে বেরি হাজির হন ডিজাইনার সেলিয়া ক্রিথারিওতির তৈরি এক ব্যতিক্রমী হাই-লো গাউনে। গাউনের ওপরের অংশটি ছিল কালো রঙের, স্ট্র্যাপলেস ও কাঠামোগত ডিজাইনে তৈরি। নিচের অংশে ছিল পিঙ্ক জিঞ্জার প্রিন্টের ঘের দেওয়া স্কার্ট, যা শেষ হয়েছে গোড়ালির খানিক ওপরেই।
নতুন নিয়মের কারণে বেরিকে শেষ মুহূর্তে পোশাক পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কিন্তু সেই পরিবর্তনই যেন হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু।
এবারের লুকের আরেকটি আকর্ষণ ছিল বেরির পায়ের জুতো। কালো রঙের পয়েন্টেড স্টিলেটো হিলের জুতোর মুক্তার মতো চকচকে অ্যাঙ্কল স্ট্র্যাপ পুরো লুককে দিয়েছে রাজকীয় ছোঁয়া। সাধারণত লম্বা গাউনের নিচে জুতো আড়ালেই থাকে, কিন্তু বেরির হাই-লো কাটের গাউনে জুতোর সৌন্দর্য ছিল পুরোপুরি দৃশ্যমান।
গহনায় ছিল পরিমিতি। গলায় একটি ঝলমলে ওপাল রঙের স্টেটমেন্ট নেকলেসই যথেষ্ট ছিল আলো টানতে। মেকআপেও ছিল সরলতা আর শৈল্পিকতার মেলবন্ধন—উষ্ণ টোনের ব্রোঞ্জ আইশ্যাডো, সফট ম্যাট লিপস্টিক ও হালকা কনট্যুরড গালে ফুটে উঠেছে তার ব্যক্তিত্ব। হালকা কোঁকড়ানো বব কাট চুলে পুরো লুকটাই ছিল ফ্রেশ ও আধুনিক।
গত ১৩ মে ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যালে শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসব। চলবে ২৪ মে পর্যন্ত। মূল প্রতিযোগিতা বিভাগে এবার নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। পাশাপাশি ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’—এই সব বিভাগেও দেখানো হবে নানা দেশের, নানা ঘরানার ছবি।
কানের লালগালিচা শুধু সিনেমা নয়, ফ্যাশনেরও অন্যতম বড় মঞ্চ। আর সেই মঞ্চে নিয়ম মেনেও কেমন দুর্দান্তভাবে নজর কাড়তে হয়, সেটাই যেন দেখিয়ে দিলেন হ্যালি বেরি।