নতুন ‘ক্রাশ’ তানিয়া মিশ্রা: পরিচিতি ও ক্যারিয়ার

সামাজিক যোগাযোগমাধ্যমে গ্ল্যামারাস ছবি ও ফ্যাশনেবল লুকে নজর কেড়েছেন তানিয়া মিশ্রা। তার স্টাইল, আত্মবিশ্বাসী উপস্থিতি ও আকর্ষণীয় লুক নিয়ে নেটপাড়ায় আলোচনা চলছে। অনুরাগীদের একাংশ তাকে ‘নিউ ন্যাশনাল ক্রাশ’ তকমা দিচ্ছেন। তবে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা ছাড়াও, মডেলিং ও অভিনয়ে তিনি বেশ কিছু বছর ধরে নিজের জায়গা তৈরি করছেন।

বিহারের গয়া থেকে উঠে আসা তানিয়া মিশ্রা ‘তান্যা মিশ্রা’ নামেও পরিচিত। তার জন্ম ১৯৯৯ সালের ৩১ জানুয়ারি। ম্যাগধ বিশ্ববিদ্যালয় থেকে বি.কম ডিগ্রি শেষ করে বিনোদন জগতে প্রবেশ করেন।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন তানিয়া। ২০১৯ সালের ‘আইএডব্লিউএ মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশ নিয়ে চতুর্থ রানার-আপ হন। এরপর ‘ফেমিনা’, ‘ফিল্মফেয়ার’ ও ‘গ্রাজিয়া’র মতো পরিচিত প্রকাশনার সঙ্গে কাজ করেন।

অভিনয়ে তানিয়ার অভিষেক ঘটে ‘গজনভি’ ছবিতে নেহা চরিত্রের মাধ্যমে। এরপর ডিজিটাল প্ল্যাটফর্মেও কাজ করেছেন। জ্যাকি শ্রফ, সিকন্দর খের ও ভূমিকা চাওলার সঙ্গে ‘চিড়িয়া উড়’ ওয়েব সিরিজে তাকে দেখা গেছে।

মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তানিয়া। ‘নখরো’ ও ‘তু মেরা হো জায়েগা’-র মতো গানে অভিনয় করেছেন। সম্প্রতি রোম্যান্টিক গান ‘সফর মোহব্বত কা’-তেও তাকে দেখা যাবে।

তবে সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তার অন্যতম কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম। ফ্যাশন, গ্ল্যামার ও ব্যক্তিগত স্টাইলের নানা ছবি নিয়মিত শেয়ার করেন তানিয়া। এসব ছবিতে তার লুক ও আত্মবিশ্বাসী উপস্থিতি নেটিজেনদের নজর কেড়েছে। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা বেড়েছে, বর্তমানে প্রায় ১২ লাখ ফলোয়ার রয়েছে এ গ্ল্যামারকন্যার।

All Categories