নরসিংদীতে যুবককে গুলি করে হত্যা, আহত দুই
নরসিংদী সদরে আধিপত্য বিস্তারের কারণে এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার বিকালে শহরের চৌয়ালা মহল্লার লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে একটি বাড়িতে এই ঘটনা ঘটে, জানান নরসিংদী সদর থানার ওসি এ আর এম আল মামুন।
নিহত যুবকের নাম আব্দুল্লাহ ওরফে বাবু (২৬), তিনি ওই এলাকার আব্দুল কাদিরের ছেলে এবং পেশায় ফুচকা বিক্রেতা।
আহতদের মধ্যে রয়েছেন রুবেল (৩০) ও মিরাজ (২০), তারা বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আবু লালের পক্ষের লোকজনের সঙ্গে হেলালের লোকজনের বিরোধ চলছিল। আবু লাল ও হেলাল উভয়ই একই অপরাধী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং উভয়পক্ষের বিরুদ্ধে হত্যা, চুরি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।
বিকালে আবু লালের পক্ষের লোকজন বাড়িতে ঢুকে বাবুকে গুলি করে পালিয়ে যায়। বাধা দিতে গেলে বাবুর বড় ভাই রুবেল ও অপরপক্ষের মিরাজ ধারাল অস্ত্রের আঘাতে আহত হন। ঘটনার পর বাবুকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আল মামুন জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া আহত মিরাজকে আটক করা হয়েছে।