নরসিংদীতে সংঘর্ষে যুবক নিহত, আহত দুই
নরসিংদী সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাবু ওরফে শহীদুল্লাহ (২৬) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাইসহ দুজন আহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চৌয়ালা এলাকার লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত বাবু ওরফে শহীদুল্লাহ চৌয়ালা এলাকার আবদুল কাদেরের ছেলে। সংঘর্ষের সময় তিনি বুকের বাম পাশে গুলিবিদ্ধ হন এবং পরে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন নিহতের ভাই রুবেল (৩০) ও মিরাজ (২০)। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষটি ঘটেছে।