নৃত্যাঞ্চলের ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে রজতজয়ন্তী উৎসব

বাংলাদেশের পরিচিত নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান নৃত্যাঞ্চল-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর তিন দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়। ১১ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। এতে নৃত্যাঞ্চলের শিক্ষক, শিক্ষার্থী ও কলাকুশলীদের পাশাপাশি প্রতিষ্ঠানের দুই পরিচালক, বরেণ্য নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তাঁরা উৎসবের উদ্বোধন করেন। উৎসবের দ্বিতীয় দিন ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের নৃত্যানুষ্ঠান ‘ছড়ায় ছন্দে নৃত্যমালা’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন স্টালিনসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, ব্যবসায়ী ও দর্শনার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে নুপুর বেঁধে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন স্টালিন, বরেণ্য নৃত্যশিল্পী আমানুল হক, কাজল ইব্রাহিম, লুবনা মারিয়ম, ড. সোমা মুমতাজ, বেলায়েত হোসেন খান ও আনিসুল ইসলাম হিরু এবং নৃত্যাঞ্চলের পরিচালক শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ। ‘ছড়ায় ছন্দে নৃত্যমালা’ শিশুতোষ ছড়া ও শিক্ষণীয় বিষয়কে উপজীব্য করে নির্মিত হয় এবং এতে ৪০০-এর অধিক শিশু-কিশোর শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানটির নৃত্য পরিচালনা করেন শামীম আরা নীপা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিবলী মোহাম্মদ।

১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে একই মিলনায়তনে অনুষ্ঠিত হয় রজতজয়ন্তী উৎসবের সমাপনী আয়োজন ‘নৃত্যমালিকা’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। লোকনৃত্য, সৃজনশীল ও ধ্রুপদি নৃত্যের সমন্বয়ে আয়োজিত ‘নৃত্যমালিকা’য় ৩০০-এর অধিক শিল্পী অংশগ্রহণ করেন। তাঁদের নান্দনিক নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ-এর বিশেষ নৃত্য পরিবেশনা। ২৫ বছরের পথচলায় তাঁদের নেতৃত্বে নৃত্যাঞ্চল বাংলাদেশের নৃত্যচর্চায় একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেছে। সমাপনী দিনে জাতীয় নাট্যশালা মিলনায়তনের দর্শকসারি পরিণত হয় বাংলাদেশের বরেণ্য নৃত্যশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পানুরাগীদের এক মিলনমেলায়।

রজতজয়ন্তী উৎসব উপলক্ষে ১২ ও ১৩ সেপ্টেম্বর জাতীয় নাট্যশালা মিলনায়তনের লবিতে প্রদর্শিত হয় নৃত্যাঞ্চলের ২৫ বছরের পথচলার বিশেষ প্রদর্শনী, যেখানে প্রতিষ্ঠার শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত নৃত্যাঞ্চলের বিভিন্ন কর্মকাণ্ড, পরিবেশনা, অর্জন ও স্মরণীয় মুহূর্তের আলোকচিত্র প্রদর্শিত হয়। এই রজতজয়ন্তী উৎসবের মিডিয়া পার্টনার ছিল মাছরাঙা টেলিভিশন এবং সহযোগিতায় ছিল শাহ সিমেন্ট। নৃত্য, সংস্কৃতি, সৃজনশীলতা ও নতুন প্রজন্মের শিল্পীদের অংশগ্রহণে নৃত্যাঞ্চলের রজতজয়ন্তী উৎসব দেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি স্মরণীয় আয়োজন হিসেবে অনুষ্ঠিত হলো।

All Categories