নিউইয়র্কের ম্যানহাটানে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের ব্যস্ত পার্ক অ্যাভিনিউতে বন্দুকধারীর হামলায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন। পরে হামলাকারী নিজেই আত্মঘাতী গুলিতে মৃত্যু বরণ করেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত পুলিশ কর্মকর্তার নাম দিদারুল ইসলাম। তিনি নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) সদস্য ছিলেন। তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই সন্তান।

সোমবার (২৮ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় পার্ক অ্যাভিনিউয়ের ৩৪৫ নম্বর ভবনে হামলার এ ঘটনা ঘটে। নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, হামলাকারী শেন ডেভন তামুরা (২৭) লাস ভেগাসের বাসিন্দা।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ভবনের লবিতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে লিপ্ত হন তামুরা। এরপর তিনি ভবনের ৩৩ তলায় উঠে যান। কিছুক্ষণ পর সিঁড়িতে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জানায়, তাঁর হাতে একটি রাইফেল ছিল এবং তিনি সম্ভবত আত্মহত্যা করেছেন।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, হামলাকারী একাই ছিলেন এবং এখন নিরস্ত্র। শহরে আর কোনো নিরাপত্তা হুমকি নেই।

এ ঘটনার পর নিউইয়র্ক পুলিশ সামাজিক মাধ্যমে সবাইকে পার্ক অ্যাভিনিউ ও ইস্ট ৫১তম স্ট্রিট এলাকা এড়িয়ে চলার আহ্বান জানায়।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেন, ম্যানহাটনের মিডটাউনে সক্রিয় গুলির ঘটনা চলছে। আশপাশের মানুষ যেন সতর্ক থাকে এবং নিরাপদ স্থানে অবস্থান করে।

নিউইয়র্কে অবস্থিত এফবিআই ফিল্ড অফিস জানায়, তারা পুলিশকে সহায়তা করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করছে।

৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের ওই ভবনে রয়েছে ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল), ইনভেস্টমেন্ট ফার্ম ব্ল্যাকস্টোন এবং জেপি মরগান চেজের করপোরেট কার্যালয়। এনএফএলের পক্ষ থেকে কর্মীদের সতর্ক করে বলা হয়, বহির্গমন নয়, নিরাপদ আশ্রয়ে থাকুন। ফোন সাইলেন্ট করুন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্লিয়ার না করা পর্যন্ত আড়ালে থাকুন।

হামলার সময় ভবন থেকে অনেককে হাত উঁচু করে বেরিয়ে যেতে দেখা গেছে। আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও জরুরি বাহিনী মোতায়েন করা হয়।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন, সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্ক ঘটনাস্থলে একটি কমান্ড পোস্ট স্থাপন করেছে।

হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিজ এক বিবৃতিতে বলেন, “আমরা শোকাহত। এনওয়াইপিডির সদস্যদের জন্য প্রার্থনা করছি। ঈশ্বর যেন এই কঠিন সময়ে আমাদের শহরের ওপর দৃষ্টি রাখেন।

অলাভজনক সংস্থা ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ জানিয়েছে, এটি চলতি বছরে যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া ২৫৪তম গণগুলি। সংস্থাটির মতে, যেখানে বন্দুক হামলায় অন্তত চারজন (হামলাকারী ছাড়া) হতাহত হন, সেটি গণহত্যার পর্যায়ে পড়ে।

All Categories