নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের মিছিল, বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার
নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের মার্চ ফর খিলাফত’ কর্মসূচি উপলক্ষে বায়তুল মোকাররম মসজিদের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বায়তুল মোকাররম এলাকা এবং পল্টন মোড়সহ আশেপাশের স্থানগুলোতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।
জুমার নামাজ শেষে হিযবুত তাহরীরের সদস্যরা ব্যানার নিয়ে একটি মিছিল বের করেন, যা পল্টন মোড় পর্যন্ত চলে যায়। মিছিলের অগ্রগতির সঙ্গে সঙ্গে পল্টন মোড়ে সাঁজোয়া যান (এপিসি কার), জলকামান ও প্রিজন ভ্যান প্রস্তুত রাখা হয় এবং সেনাবাহিনী সদস্যরা চলন্ত গাড়িতে টহল দেন। পল্টন মোড়ে পুলিশের পাশাপাশি এপিবিএন সদস্যদেরও উপস্থিতি দেখা যায়। এছাড়া বায়তুল মোকাররম থেকে পল্টন মোড়মুখী সড়কে একাধিক সাঁজোয়া যান ও প্রিজন ভ্যান দেখা গেছে।
এদিকে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হিযবুত তাহরীরসহ অন্যান্য নিষিদ্ধ সংগঠনের যেকোনো কার্যক্রমকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় অপরাধ হিসেবে ঘোষণা করেছে। ডিএমপি জানিয়েছে, এই ধরনের কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে এবং নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের সমাবেশ, মিছিল বা প্রচারমূলক কার্যক্রম আইনানুগ অপরাধ হিসেবে গণ্য হবে।
গতকাল রাতে, ৬ মার্চ, উত্তরা এলাকা থেকে হিযবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১)। তাদের বিরুদ্ধে ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি আয়োজনের গোপন পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, যা আইনশৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যক্রমের অংশ হিসেবে মিছিল ও অন্যান্য কর্মসূচি রোধ করতে সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ডিএমপি ঘোষণা দিয়েছে।