নিষিদ্ধ সংগঠনের ১৪ সদস্য গ্রেফতার

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) রেঞ্জ পুলিশ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় এসব অভিযান চালানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতারদের মধ্যে চট্টগ্রামে দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, চাঁদপুরে দুজন, নোয়াখালীতে তিনজন, লক্ষ্মীপুরে দুজন, ফেনীতে একজন ও খাগড়াছড়িতে তিনজন রয়েছেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বৃহস্পতিবারের কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৩৯০ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৩৩৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে, এবং বাকি ৫৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, কিশোর অপরাধ প্রতিরোধ, জনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে কিশোর গ্যাংবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

All Categories