নির্বাচনের আগেই গণভোটসহ তিন দাবি ইসলামি ৮ দলের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আলাদা দিনে আয়োজন, অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে অপসারণ এবং প্রশাসনে রদবদলের মাধ্যমে নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবিতে তিন দফা দাবি জানিয়েছে ইসলামি আট দল।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় নির্বাচন ও গণভোট ভিন্ন দিনে আয়োজন করতে হবে। অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে অপসারণ করতে হবে। প্রশাসনে এমন পরিবর্তন আনতে হবে, যাতে নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত হয়।
তাহের অভিযোগ করে বলেন, রাষ্ট্র সংস্কারের বিরোধিতা করে একটি রাজনৈতিক দল শুরু থেকেই প্রক্রিয়াটিকে জটিল করে তুলেছে। তাঁর দাবি, প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ভাষণে ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করে একটি বিশেষ দলের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এতে গণভোটকে ‘জটিল ও বিতর্কিত’ করে তোলার আশঙ্কা তৈরি হয়েছে।
তিনি বলেন, ‘নির্বাচনের আগে গণভোট হলে একটি দলের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে—এমন শঙ্কায় তারা গণভোট আলাদা দিনে চায় না। একই দিনে নির্বাচন ও গণভোটের ঘোষণা সংস্কারের গুরুত্ব কমিয়ে দিয়েছে। তাহেরের দাবি, নির্বাচনের দিন ভোটের ব্যস্ততার কারণে গণভোটে ভোট কম পড়লে ‘সংস্কারবিরোধী পক্ষ’ সুবিধা পাবে।
অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার বিরুদ্ধে প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করার অভিযোগও তোলেন তিনি। তাহের বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এখন প্রশাসনের যে রদবদল হচ্ছে, সেখানে একটি দলের প্রভাব দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা কম।
তিনি আরও জানান, ইসলামি আট দলসহ কয়েকটি রাজনৈতিক দল চায় যে ফেব্রুয়ারির আগেই নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হোক। তবে বিগত ১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার অভিজ্ঞতার কারণে আবারও সংকট তৈরি হওয়ার আশঙ্কা আছে বলে মন্তব্য করেন তিনি।