নির্বাচন কমিশন মোটামুটি যোগ্যতার সঙ্গে কাজ করছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) মোটামুটি যোগ্যতার সঙ্গেই কাজ করছে। মনোনয়নপত্র বাছাইয়ের সময় কিছু সমস্যা থাকলেও সেটিকে তারা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখছেন।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, ‘মনোনয়নপত্র বাছাইয়ের সময় কিছু সমস্যা থাকে। আমরা যেসব বিষয়কে সমস্যা মনে করেছি, সেগুলো নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমাদের বিশ্বাস, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।’
জিয়াউর রহমানের ভূমিকার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ঘোষণা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমানের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। একই সঙ্গে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে পরিচিত অর্থনীতিকে তিনি একটি সমৃদ্ধির পথে নিয়ে গিয়েছিলেন। বিএনপি তাঁর দেখানো পথেই সামনে এগিয়ে যেতে চায়।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ঘোষণা এসেছে এবং ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। এখন ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে পুনর্গঠন এবং গণতন্ত্রকে নতুন করে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে বিএনপি শপথ নিয়েছে। এর মধ্য দিয়েই দেশে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।