নির্বাচন বানচালের উদ্দেশ্যে পরিকল্পিত অস্থিরতা তৈরি করছে একটি মহল: বিএনপি

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ মন্তব্য উঠে আসে।

বুধবার (১৬ জুলাই) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, “গণতন্ত্রে উত্তরণের পথে বাধা সৃষ্টি এবং নির্বাচন ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে। দেশে মবোক্রেসি, হত্যা, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির মতো অপরাধ বেড়েছে। অথচ সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর ব্যর্থতা ও নির্লিপ্ততা পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছে।”

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগের সমর্থক ও দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে এ হামলা চালিয়েছে। এতে চারজন নিহত হন। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টি বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বলেই তাদের ওপর হামলা চালানো হয়েছে। এরপর সরকারকে বাধ্য হয়ে ১৪৪ ধারা জারি ও কার্যত কারফিউ দিতে হয়েছে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার নীলনকশার অংশ।”

বিএনপির বিবৃতিতে মিটফোর্ডের সাম্প্রতিক হত্যাকাণ্ডে দলটিকে জড়িয়ে কিছু রাজনৈতিক দলের ‘শিষ্টাচারবর্জিত’ বক্তব্য ও প্রচারণার নিন্দা জানানো হয়। এতে বলা হয়, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জনপ্রিয় নেতা তারেক রহমান সম্পর্কে যে অশালীন বক্তব্য দেওয়া হয়েছে, তা গোটা জাতিকে বিক্ষুব্ধ করেছে।”

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপ নিয়েও আলোচনা হয়। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ কমিশনের সর্বশেষ বৈঠকের অগ্রগতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন। মির্জা ফখরুল জানান, কমিশনের বিষয় নিয়ে আজ রাতে আবারও স্থায়ী কমিটির বৈঠক হবে।

বিএনপি আশা প্রকাশ করে, রাজনৈতিক দলগুলো সতর্কতার সঙ্গে কর্মসূচি নির্ধারণ করবে, যাতে গণতন্ত্রবিরোধী মহল কোনো সুযোগ নিতে না পারে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানায় দলটি।

All Categories