নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি শুরু
রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও নির্বাচনী প্রতীক ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।
জামায়াতের পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাকে সহযোগিতা করছেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার নাজিব মোমেন।
আদালত কক্ষে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের ও অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
এর আগে, গত ৭ মে জামায়াতের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আপিল বিভাগ।
গত ১২ মার্চ এই আপিল শুনানি শুরু হলেও পরে আর তা অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ বিরতির পর আজ আবার শুরু হলো শুনানি।