নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের
গাজা উপত্যকায় সামরিক অভিযানের নামে গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ তার নেতৃত্বাধীন সরকারের ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।
শুক্রবার ইস্তাম্বুলের শীর্ষ সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা সিএনএন।
নেতানিয়াহুর পাশাপাশি যাদের নামে পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গিভর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া’আল জামির।
তুর্কি কৌঁসুলির দপ্তরের অভিযোগে বলা হয়েছে, গাজায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের পাশাপাশি গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণ জোট ফ্লোটিলা–এর ত্রাণ বহর আটকানোর ঘটনাও এই পরোয়ানার আওতায় আনা হয়েছে।
পরোয়ানা জারির পরপরই এর নিন্দা জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদন সা’র বলেছেন, “এরদোয়ান তার রাজনৈতিক প্রতিপক্ষদের দমন ও ভিন্নমতাবলম্বী সাংবাদিক, বিচারক ও মেয়রদের বিরুদ্ধে তুরস্কের বিচারব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। এই পরোয়ানাও সেই রাজনৈতিক প্রচারণারই অংশ।”
অন্যদিকে, গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস তুরস্কের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে হামাসের হাইকমান্ড জানিয়েছে, “গাজা ইস্যুতে তুরস্কের জনগণ ও নেতৃত্বের নৈতিক অবস্থান এই সিদ্ধান্তের মাধ্যমে আরও একবার প্রমাণিত হলো।”
সূত্র: সিএনএন