‘নাটক কম করো পিও’, তিশার উদ্দেশে বললেন শাওন
শোবিজের পরিচিত মুখ মেহের আফরোজ শাওন ও নুসরাত ইমরোজ তিশা, দুই প্রতিভাবান তারকা। এক সময় তাদের সম্পর্ক ছিল ভালো, তবে রাজনৈতিক মতাদর্শের ভেদাভেদের কারণে বর্তমানে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন শাওন।
রোববার শাওন সামাজিক মাধ্যমে তিশার একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে তিশাকে চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ অভিনয়ের বিষয়ে নিজের ভালো লাগার কথা প্রকাশ করতে দেখা গেছে। ভিডিওতে স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তিশার বেশ কিছু ছবি ও ফুটেজও রয়েছে। তবে শাওন তার পোস্টে তিশার নাম উচ্চারণ করেননি।
শাওন লিখেছেন, এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম। নতুন কুঁড়িতে আমার ছোট বোনের সঙ্গে একই ব্যাচে ছিল, একই গানের শিক্ষকের কাছ থেকে তালিম নিয়েছে। আমার বোন আমাকে ‘আপুনি’ ডাকে, এই চটপটে মেয়েটাও ‘আপুনি’ ডাকতো। আর আমিও তাকে আমার বোনের মতোই দেখতাম।
তিনি আরও উল্লেখ করেন, ১৯৯৬ সালের জাতীয় সংসদে আমার মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হক (এমপি) তার আত্মীয় ছিল, সম্ভবত খালা। তখনও প্রায়ই কমন প্ল্যাটফর্মে তার সঙ্গে দেখা হত। আমার পরিচালনায় ‘একলা পাখী’ ধারাবাহিকে অভিনয় করার সময় অনেক দিন কাছাকাছি ছিল। এফডিসির কোনো কোনো সভায় দেখতাম তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘ইনু মামা ইনু মামা’ ডেকে শ্রদ্ধার সঙ্গে বিভিন্ন আবদার করতেন। মন্ত্রী মহোদয়ও তাকে বেশ স্নেহ করতেন।
সবশেষে শাওন লিখেছেন, মুজিব: একটি জাতির রূপকার’ ছবি দেখা হয়নি, দেখার ইচ্ছেও নেই। বাস্তব জীবনে মেয়েটার অভিনয় দেখেই শখ মিটে গেছে।
তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে যোগ করেছেন, #নাটক_কম_করো_পিও।