নারায়ণগঞ্জে জিয়া হলের সয়েল টেস্টে হামলা, শ্রমিক আহত
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শহীদ জিয়া হলের নির্মাণকাজের সয়েল টেস্ট চলাকালে শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় ইমন নামে এক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। হামলাকারীরা শ্রমিকদের মোবাইল ফোন, টাকা ও অন্যান্য মালপত্র ছিনিয়ে নিয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে শহীদ জিয়া হল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়নে শহীদ জিয়া হলের নির্মাণকাজের প্রস্তুতি হিসেবে বুধবার সকালে সয়েল টেস্টের কাজ শুরু হয়। এ সময় কিছু লোক শ্রমিকদের হুমকি দেয়। তবে শ্রমিকরা কাজ চালিয়ে যান।
রাত সাড়ে ৯টার দিকে শ্রমিকরা খাবার খেতে গেলে হামলার দ্বিতীয় দফা ঘটে। হামলাকারীরা রাইফেলস ক্লাবের ভেতর দিয়ে জিয়া হল এলাকায় প্রবেশ করে শ্রমিকদের ওপর হামলা চালায় এবং মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়।
ইমন নামে এক শ্রমিক দুই হামলাকারীকে আটকানোর চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়, যার ফলে তার দুই হাত গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৫০০ শয্যা হাসপাতালে নিয়ে যান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান হাসপাতালে গিয়ে আহত শ্রমিকদের খোঁজখবর নেন। তিনি বলেন, সয়েল টেস্ট চলাকালে শ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের আহ্বান জানান।
ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শওকত হাসেম শকু জানান, হামলাকারীরা খাবার খেতে যাওয়ার সময় শ্রমিকদের ওপর হামলা চালায়।
খানপুর ৫০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার জানান, আহতদের মধ্যে ইমন নামে এক শ্রমিকের দুই হাতে সেলাই দিতে হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, আহত শ্রমিকরা থানায় এসে মামলা করার প্রক্রিয়া শুরু করেছেন এবং হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।