ময়মনসিংহে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ
ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের একাধিক কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ রাত ১০টার দিকে নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম বাটাজোড় এলাকায় গণসংযোগে গেলে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী ফখর উদ্দিন আহমেদের সমর্থকদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সন্ধ্যার দিকে ভালুকা পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পৌর ছাত্রদলের সদস্য সচিব আদি খান শাকিলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময়ে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের পৌর সদরের কার্যালয় এবং সীড স্টোর বাজারে যুবদলের একটি কার্যালয়েও হামলা চালিয়ে আগুন দেওয়া হয়। সড়কের বিভিন্ন স্থানেও আগুন জ্বালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের মধ্যে অন্তত সাতজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করা হলেও বিএনপি প্রার্থী ফখর উদ্দিন আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।