মুক্তিযুদ্ধের মাধ্যমে রচিত সংবিধানকে মিথ্যা প্রমাণের চেষ্টা চলছে: মেজর হাফিজ
মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রণীত বাংলাদেশের সংবিধানকে ‘মিথ্যা প্রমাণের চেষ্টা’ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
শনিবার (২ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও শহীদ পরিবার সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই প্রবীণ নেতা বলেন, এমন কোনো দেশ নেই, যেখানে অনির্বাচিত সরকার সে দেশের সংবিধান সংশোধন করতে চায়। মুক্তিযুদ্ধ করে যে সংবিধান লেখা হয়েছে, তা আজ মিথ্যা প্রমাণ করার অপচেষ্টা চলছে।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে হাফিজ উদ্দিন আরও বলেন, জুলাই যোদ্ধাদের আশা পূরণ হচ্ছে না, কারণ এই সরকার জুলাই চেতনা ধারণ করে না। বর্তমান সরকারের কেউই গত ১৭ বছরে হাসিনার দুঃশাসন নিয়ে মুখ খোলেনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, ভবিষ্যতে যাতে কেউ ফ্যাসিস্ট আচরণ করতে না পারে, তার জন্য দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। রাজনৈতিক ঐক্যে ফাটল ধরলে স্বৈরাচাররা সুযোগ নেয়।
আলোচনা সভায় শহীদ পরিবারবর্গ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।