মঙ্গোলিয়া বিশ্বব্যাংকের দাতা, দিচ্ছে ১৩ লাখ ডলার

বিশ্বব্যাংকের স্বল্প আয়ের দেশগুলোর জন্য গঠিত তহবিল ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) দাতা হিসেবে যুক্ত হলো মঙ্গোলিয়া। দেশটির পার্লামেন্ট আইডিএতে ৪৮০ কোটি মঙ্গোলীয় তুগরিক (প্রায় ১৩ লাখ মার্কিন ডলার) দেওয়ার অনুমোদন দিয়েছে। উন্নয়ন সহায়তা গ্রহণকারী দেশ থেকে অন্য দেশকে সহায়তা দেওয়ার এই উদ্যোগকে নিজেদের উন্নয়নযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে মঙ্গোলিয়া।

শুক্রবার (১৭ অক্টোবর) ব্যাংকক থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক গ্রুপ।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ১৯৯১ সালে সংস্থাটির সদস্য হওয়ার পর থেকে মঙ্গোলিয়া ১৬২ কোটি ডলারের বেশি উন্নয়ন অর্থায়ন পেয়েছে। পরিবহন, গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে দেশটি আইডিএর সহায়তাও পেয়েছে। ২০২০ সালের জুলাইয়ে আইডিএর সহায়তা পাওয়ার যোগ্যতা থেকে উত্তরণ ঘটিয়ে মঙ্গোলিয়া বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টের (আইবিআরডি) আওতাভুক্ত গ্রাহক দেশে পরিণত হয়।

গত তিন দশকে মঙ্গোলিয়া দারিদ্র্য কমানোর পাশাপাশি মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি) তিন গুণে উন্নীত করেছে। ২০২৪ সালে দেশটি উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করে। এবার আইডিএর ২১তম পুনঃঅর্থায়ন কর্মসূচিতে (আইডিএ২১) অবদান রাখার সিদ্ধান্তের মাধ্যমে উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় অন্য দেশগুলোর পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে দেশটি।

মঙ্গোলিয়ার অর্থমন্ত্রী মেন্দসাইখান জাগদজাভ বলেন, "আইডিএ২১-এ অবদান রাখা বিশ্বব্যাংকের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্বের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে এটি আন্তর্জাতিক সংহতির প্রতি মঙ্গোলিয়ার অঙ্গীকারের প্রতিফলন।"

তিনি আরও বলেন, "আইডিএর সহায়তা পাওয়ার অভিজ্ঞতা থেকে মঙ্গোলিয়া বুঝতে পেরেছে, দারিদ্র্য কমানো, অর্থনৈতিক অভিঘাত মোকাবিলার সক্ষমতা বাড়ানো এবং মানুষের জন্য নতুন সুযোগ তৈরিতে সহজ শর্তের অর্থায়ন কতটা গুরুত্বপূর্ণ। নিজেদের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নের পাশাপাশি অন্য দেশগুলোকেও তাদের উন্নয়ন লক্ষ্যে এগিয়ে যেতে সহায়তা করতে পেরে মঙ্গোলিয়া গর্বিত।"

বিশ্বব্যাংক গ্রুপের অংশীদারত্ব, উদ্ভাবন ও অর্থায়ন সংগ্রহবিষয়ক ভাইস প্রেসিডেন্ট লিসা ফিনেরান বলেন, "মঙ্গোলিয়ার উন্নয়নের অগ্রযাত্রা দেখিয়েছে, ধারাবাহিক উন্নয়ন কী ধরনের সম্ভাবনা তৈরি করতে পারে।" আইডিএর দাতা গোষ্ঠীতে মঙ্গোলিয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, "অন্য দেশগুলোর আরও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে দেশটির এই অঙ্গীকার গুরুত্বপূর্ণ।"

বিশ্বব্যাংক গ্রুপের আইডিএ হলো বিশ্বের ৭৮টি স্বল্প আয়ের দেশের জন্য গঠিত একটি তহবিল। এই তহবিল থেকে দারিদ্র্য কমানো, অর্থনৈতিক ও সামাজিক অভিঘাত মোকাবিলার সক্ষমতা বাড়ানো এবং মানুষের জীবনমান উন্নয়নে অনুদান ও সহজ শর্তে ঋণ দেওয়া হয়।

প্রতি তিন বছর পর আইডিএর অর্থায়ন পুনর্গঠন করা হয়। আইডিএর ২১তম পুনঃঅর্থায়ন কর্মসূচি ২০২৪ সালের ডিসেম্বরে চূড়ান্ত হবে। বর্তমানে ৭৮টি দেশে উন্নয়ন কার্যক্রমে অর্থায়ন করছে তহবিলটি।

All Categories