বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার জন্য নতুন সমন্বিত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্স প্রদান এবং নবায়ন সংক্রান্ত বিদ্যমান বিধিবিধান ও নির্দেশনা একত্র করে একটি সমন্বিত সার্কুলার জারি করেছে। এই সার্কুলারে অনুমোদিত ডিলার (এডি), মানি চেঞ্জার, লিমিটেড মানি চেঞ্জার, অনুমোদিত স্বর্ণ ডিলার (এজিডি) এবং স্বর্ণ আকরিক ও ডোরে আমদানিকারকদের লাইসেন্স সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার জারি করা এই সার্কুলারের উদ্দেশ্য হলো প্রয়োজনীয় সংশোধন ও হালনাগাদসহ বিদ্যমান নির্দেশনাগুলোকে একটি নথিতে সংকলনের মাধ্যমে লাইসেন্স প্রদান ও কার্যক্রম পরিচালনার প্রক্রিয়া সহজ করা।

সার্কুলারটির কার্যকারিতা থাকবে জারির তারিখ থেকে এক বছর। সার্কুলারের আওতাভুক্ত বিষয়ে আগের নির্দেশনাগুলো সংশ্লিষ্ট ক্ষেত্রে বাতিল বলে গণ্য হবে। এ বিষয়ে পরবর্তীতে জারি করা নির্দেশনা বা সংশোধনী সার্কুলারটি মিলিয়ে পড়তে হবে।

ছয়টি অংশে বিভক্ত সার্কুলারটিতে লাইসেন্স প্রদান ও নবায়ন, বৈদেশিক মুদ্রার লেনদেন, স্বর্ণ আমদানি ও রপ্তানি, এএমএল/সিএফটি পরিপালন, প্রতিবেদন দাখিল এবং লাইসেন্সধারী প্রতিষ্ঠানের ওপর বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন ও লাইসেন্স বাতিলের ক্ষমতাসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক নতুন লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিলে, অনুমোদিত ডিলাররা গ্রাহকদের পক্ষে মানি চেঞ্জার ও অনুমোদিত স্বর্ণ ডিলারের লাইসেন্সের আবেদন প্রক্রিয়াকরণ করে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে পারবেন।

ব্যাংকসংশ্লিষ্টরা সার্কুলার জারির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, বিভিন্ন সময়ে জারি করা ছড়িয়ে-ছিটিয়ে থাকা সার্কুলার ও নির্দেশনা এক নথিতে সংকলিত হওয়ায় সংশ্লিষ্ট বিধিবিধান সহজে জানা যাবে। পাশাপাশি ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের জন্য লাইসেন্সসংক্রান্ত প্রক্রিয়া এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় এটি একটি কার্যকর নির্দেশিকা হিসেবে কাজ করবে।

All Categories