মদ্যপ পরিচালকের অস্বস্তিকর প্রস্তাবের কথা জানালেন স্বরা ভাস্কর
বলিউডের স্পষ্টভাষী অভিনেত্রী স্বরা ভাস্কর সম্প্রতি রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল সিজন ২’-এর মঞ্চে এক ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানান, ‘তনু ওয়েডস মনু’ সিনেমার সাফল্যের পর একটি নামী পরিচালকের কাস্টিং কাউচ ও হেনস্তার শিকার হন।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্বরা বলেন, এক সিনেমার শুটিংয়ের সময় পরিচালক তাকে একা রোমান্টিক দৃশ্যের রিহার্সাল করতে বলেন। যখন তিনি অন্য কলাকুশলীদের ডাকার কথা বলেন, তখন পরিচালক তা এড়িয়ে যান। পরে ঘরে গিয়ে স্বরা দেখেন, পরিচালক ও চিত্রগ্রাহক দুজনই মদ্যপান করছেন।
তিনি বলেন, ‘ভাবতে পারেন, বিশের কোঠার একটা তরুণী মেয়েকে দুটো মদ্যপ পুরুষের সামনে বসে রোমান্টিক দৃশ্যের মহড়া দিতে বলা হচ্ছে? আমি কোনোমতে কথা শেষ করে সেখান থেকে এক প্রকার পালিয়ে বাঁচি।’
ভয়ে শিউরে উঠেছিলেন স্বরা। তিনি পরিচালকের কাছে সরাসরি বলেন, ‘না স্যার। একদম না। আপনি কেন আমাকে জড়িয়ে ধরবেন? আমার খুব ভয় করছে, দয়া করে এখান থেকে চলে যান।’ স্বরা আরও জানান, সেই পরিচালক তাকে নিয়মিত কবিতা ও বার্তা পাঠাতেন এবং বলতেন, ‘একজন পরিচালকের উচিত তার অভিনেত্রীকে ভালোবাসা।’
বর্তমানে স্বরা ‘রাইজ অ্যান্ড ফল ২’ নামের বিশেষ তারকাভিত্তিক রিয়েলিটি শো-তে অংশ নিচ্ছেন, যেখানে তার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা চাহার চৌধুরী ও তেজ প্রতাপ যাদবের মতো ব্যক্তিত্বরা। শো-র প্রচারণার আগেই স্বরার এই বিস্ফোরক মন্তব্য বিনোদন জগতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।