মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না : মির্জা ফখরুল
মানুষের নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে কোনো সংস্কারই টেকসই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বনানীর কামাল আতাতুর্ক মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “রাজনৈতিক পট-পরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো জায়গায় পৌঁছেছেন—কেউ মন্ত্রী হয়েছেন, কেউ ব্যবসা-বাণিজ্য দখলে নিয়েছেন। কিন্তু যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের দিকে কেউ তাকায়নি।
‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘গণতান্ত্রিক পদযাত্রায় শিশু’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
গুমের শিকারদের সন্তানদের নিয়ে উদ্বেগ জানিয়ে মির্জা ফখরুল বলেন, গুম হওয়া মানুষদের আমরা ফিরিয়ে দিতে না পারলেও, তাদের সন্তানদের ভবিষ্যৎ যেন ধ্বংস না হয়, সেই দায় আমাদের নিতে হবে।
গঠিত গুম কমিশনের অগ্রগতি প্রত্যাশিত হয়নি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে গুমের শিকার পরিবারদের পুনর্বাসনের ব্যবস্থা করব। তাদের পাশে দাঁড়ানো হবে বিএনপির রাজনৈতিক দায়বদ্ধতার অংশ।
অনুষ্ঠানটি ছিল জুলাই মাসব্যাপী ঘোষিত ‘গণঅভ্যুত্থান কর্মসূচি’র অংশ। সেখানে বিএনপি নেতারা গণতন্ত্র পুনরুদ্ধার ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে নানা কর্মসূচির কথা তুলে ধরেন।