মানি চেঞ্জারে ভ্রমণ কোটায় ৩ হাজার ডলার বিক্রির নতুন সুযোগ

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারগুলোতে একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার বিক্রির অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পূর্বে একবারে সর্বোচ্চ ২ হাজার ডলার বিক্রি করা যেত।

বৃহস্পতিবার প্রকাশিত এক সার্কুলারে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে উল্লেখ করা হয়েছে, লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারগুলো বিদেশগামী একজন বাংলাদেশি নাগরিককে তার প্রযোজ্য বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার নোট ও মুদ্রা আকারে বিক্রি করতে পারবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রার প্রয়োজন মেটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, একজন গ্রাহকের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার অবশিষ্ট অংশ তার প্রযোজ্য কোটার পরিমাণ ও সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার প্রাপ্যতা সাপেক্ষে অন্যান্য অবাধে বিনিময়যোগ্য ও ব্যবহারযোগ্য মুদ্রার নোট ও মুদ্রা আকারে বিক্রি করা যাবে।

নতুন এই ব্যবস্থার ফলে বিদেশগামী বাংলাদেশি নাগরিকরা মানি চেঞ্জারের মাধ্যমে একবারে আগের তুলনায় বেশি নগদ বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে পারবেন।

All Categories