মালয়েশিয়া গমনেচ্ছুদের মেডিকেল পরীক্ষা কেন্দ্র সিলগালা

সরকারি অনুমোদন ছাড়া অবৈধভাবে মালয়েশিয়া গমনেচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা (মেডিকেল টেস্ট) ও রিপোর্ট প্রদান করার অভিযোগে রাজধানীর পল্টনস্থ বক্স কালভার্ট রোডে অবস্থিত ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার’ সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিতে গুরুতর নানাবিধ অনিয়ম প্রত্যক্ষ করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির নিজস্ব ডাটাবেস পর্যালোচনায় দেখা যায়, গত ২০ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত মোট ১৪ জন মালয়েশিয়া গমনেচ্ছুক ব্যক্তির মেডিকেল টেস্ট সম্পন্ন করে রিপোর্ট দেওয়া হয়েছে, যার কোনো সরকারি অনুমতি ছিল না।

‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার’-এর সাইনবোর্ডের পাশাপাশি ‘সামিহা ডায়াগনস্টিক সেন্টার’ নামে অপর একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম চালানোর প্রমাণ পাওয়া যায়। জনস্বার্থে ও বৈদেশিক কর্মসংস্থান খাতের শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেয়।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বৈদেশিক কর্মসংস্থান খাতে যেকোনো ধরনের অনিয়ম, প্রতারণা এবং অনুমোদনহীন কার্যক্রমের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। তিনি আরও বলেন, যেসব প্রতিষ্ঠান ভুয়া বা প্রতারণামূলকভাবে বিদেশগামীদের মেডিকেল রিপোর্ট দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কর্মীদের স্বার্থরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিতকরণে এ ধরনের ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম সারা দেশে অব্যাহত থাকবে।

All Categories