মাগুরার সেই শিশুকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা,দোষীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না
আজ রোববার সকালে মাগুরার ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় আক্রান্ত শিশুটির চিকিৎসার খোঁজখবর নিতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।শিশুটির ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় এজাহারভুক্ত চার আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান,দোষীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।তিনি আরও বলেন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে নির্দেশ দিয়েছি।তিনি বলেন,সব নারীর প্রতি সহিংসতার ঘটনা তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্ন করতে এবং আদালতে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে শিশুটির সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন। এ সময় সিএমএইচ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৬ মার্চ ঘটনাটি জানার পর স্বরাষ্ট্র উপদেষ্টা শিশুটির মাকে ফোন দিয়ে তাঁর অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আশ্বাস দেন। পরবর্তীতে,গত শনিবার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে স্থানান্তরিত করা হয়।
এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,মাগুরায় আট বছর বয়সী শিশুটির ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় মাগুরা সদর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।তিনি আরও বলেন,সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণসহ সকল সহিংসতামূলক ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং তাঁদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।
নারীরা নির্ভয়ে এবং নির্বিঘ্নে ঘরে-বাইরে তাঁদের দায়িত্ব পালন করবে। কেউ তাঁদের ক্ষতি করতে আসলে,তাঁদের আইনের আওতায় আনা হবে।তিনি নারীর প্রতি সহিংসতা রোধে সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং পারিবারিক,সামাজিক ও নৈতিক মূল্যবোধ লালনের ওপর গুরুত্ব আরোপ করেন।