মাদারীপুরে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, তদন্ত শুরু
মাদারীপুর শহরের শকুনি লেকপাড়ে অবস্থিত মুক্তমঞ্চে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ বিকেল ৪টায় সেখানে এনসিপি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
এদিকে, একই এলাকায় জেলা ও দায়রা জজের বাসভবনও রয়েছে। বাসভবনটির সামনে অবস্থিত মুক্তমঞ্চে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।
সমাবেশের কয়েক ঘণ্টা আগে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে এ ঘটনার সঙ্গে এনসিপির সমাবেশের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘দলের অভ্যন্তরে কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। আবার সমাবেশকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের জন্যও এমন ঘটনা ঘটানো হতে পারে। তবে তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’