লুট হওয়া অস্ত্র প্রত্যাশা অনুযায়ী উদ্ধার হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৫ আগস্টের ঘটনার পর দেশের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র এখনো প্রত্যাশা অনুযায়ী উদ্ধার সম্ভব হয়নি। তবে সেগুলো উদ্ধারে পুলিশ কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘অস্ত্র বাইরে থাকলে কিছুটা হুমকি থেকেই যায়। তবে আমরা যথাযথ প্রক্রিয়ায় এগুলো উদ্ধারের চেষ্টা করছি।

এদিন ইসরায়েলবিরোধী বিক্ষোভের সময় সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও তুলে ধরেন উপদেষ্টা। তিনি বলেন, ‘যাঁরা লুটপাটে জড়িত ছিলেন, তাঁদের কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে। অপরাধীর পরিচয়, আত্মীয়তা, এসব কিছুই বিবেচনায় নেওয়া হচ্ছে না।’

সম্প্রতি পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাগুলোর প্রসঙ্গে তিনি বলেন, ‘যাঁরা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন, তাঁদেরও আইনের আওতায় আনা হচ্ছে। এসব বিষয়ে সংবাদকর্মীদের সত্য ঘটনাগুলো তুলে ধরার আহ্বান জানাই।’

পুলিশ বাহিনীর নানা সংকটের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন, আমরা পুলিশের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করি। অথচ তাঁদের থাকার ও খাওয়ার পরিবেশ খুবই দুর্বল। অনেক পুলিশ সদস্য ভাড়া বাসায় থাকেন। এ অবস্থা বদলানো দরকার। ভালো ফল পেতে হলে তাঁদের যথাযথ সুযোগ-সুবিধা দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘অনেক সময় পুলিশের অ্যাকশনে দেরি হয়। কারণ অনেক গাড়ি নষ্ট হয়ে গেছে, অনেক থানা-ফাঁড়ি আগুনে পুড়ে গেছে। এখন পর্যন্ত একটি নতুন গাড়িও কেনা সম্ভব হয়নি। তবে আমরা আশাবাদী, ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে আসবে।’

থানা পরিদর্শনের সময় লাল গালিচা বিছানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘আমি বারবার বলি, এই প্রটোকলের কারণে মূল কাজ করতে পারি না। ১০০ বার বলার পরও শোনা হয় না। কেন লাল গালিচা? উঠিয়ে ফেলো, আমি এসব চাই না।’

All Categories