কয়েকদিনের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: সিএনএন
মার্কিন সামরিক বাহিনী ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে সিএনএন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে বিমান ও নৌবাহিনীর শক্তি বাড়ানোর পর যুক্তরাষ্ট্র প্রশাসনকে জানানো হয়েছে বাহিনী প্রস্তুত রয়েছে। এখন বিষয়টি নির্ভর করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর চূড়ান্ত অনুমোদনের ওপর।
হোয়াইট হাউসের একটি সূত্রের দাবি, হোয়াইট হাউস এর অভ্যন্তরীণ আলোচনায় প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে হামলার পক্ষে ও বিপক্ষে দুই ধরনের যুক্তিই তুলে ধরেছেন। সম্ভাব্য পদক্ষেপের আগে তিনি উপদেষ্টা ও মিত্রদের মতামত নিচ্ছেন বলেও জানানো হয়।
বুধবার উচ্চ নিরাপত্তা কমান্ড সেন্টার সিচুয়েশন রুমএ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এ ছাড়া, ইরানের প্রতিনিধিদের সঙ্গে পরোক্ষ যোগাযোগের অগ্রগতি নিয়ে তাকে ব্রিফ করেন স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। আলোচনার বিষয়ে অবগত একজন কর্মকর্তা বলেন, হামলা করা হবে কি না সে সিদ্ধান্তে পৌঁছাতে প্রেসিডেন্ট সময় নিচ্ছেন।
কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে গত মঙ্গলবার জেনেভা এ ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে পরমাণু ইস্যুতে পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে মধ্যস্থতা করে ওমান। বৈঠকে লিখিত বার্তা বিনিময় হলেও কোনো নির্দিষ্ট সমাধান হয়নি। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, উভয় পক্ষ কিছু ‘পথনির্দেশক নীতিমালায়’ একমত হয়েছে। এক মার্কিন কর্মকর্তার ভাষ্য, গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে বিস্তারিত আলোচনা এখনও বাকি।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বুধবার বলেন, ইরান আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের অবস্থান সম্পর্কে আরও স্পষ্ট তথ্য দেবে বলে আশা করা হচ্ছে। তবে ওই সময়ের মধ্যে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার বিষয়ে প্রেসিডেন্ট কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি না সে প্রশ্নে তিনি মন্তব্য করেননি।