কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তে মাদক উদ্ধারের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন পুলিশের দুই সদস্য।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শশীদল ইউনিয়নের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক পুলিশ সদস্যরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান।

পুলিশের তথ্যমতে, মাদক উদ্ধারের জন্য সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়ে ওই দুই সদস্য ঘটনাস্থলে পৌঁছান। এ সময় নতুন যোগ দেওয়া কনস্টেবল রোহিত দেওয়ান পথ চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করেন। একপর্যায়ে তিনি বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন নো ম্যানস ল্যান্ডে প্রবেশ করেন।

সেখানে স্থানীয় মাদক কারবারিরা তাকে আটক করে। রোহিতকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে এএসআই ইমরান হোসেনও আটক হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাদের বিএসএফের কাছে হস্তান্তর করেন। বিএসএফ পরে দুজনকেই নিয়ে যায়।

ওসি মো. ফারুক হোসেন জানান, আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন।

All Categories