কৃতি শ্যাননের ব্যক্তিত্বের অধিকার সুরক্ষায় দিল্লি হাইকোর্টে মামলা
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন নিজের ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, তার নাম, মুখ, ছবি, কণ্ঠস্বর ও পরিচিতি অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।
শুক্রবার (১৬ অক্টোবর) এই মামলার শুনানিতে আদালত ব্যক্তিত্বের অধিকার সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে। আদালত স্পষ্ট করতে নির্দেশ দিয়েছে যে, এই অধিকার ঠিক কোন কোন বিষয়কে সুরক্ষা দেয়। মামলাটির পরবর্তী শুনানি ২৯ অক্টোবর নির্ধারিত হয়েছে।
বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের এজলাসে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। কৃতির পক্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী প্রবীণ আনন্দ।
শুনানির শুরুতেই বিচারপতি জানতে চান, ব্যক্তিত্বের অধিকার আওতায় কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হতে পারে। আদালত ব্যক্তিত্বের অধিকার সম্পর্কিত আইনি সীমা ও পরিধি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চায়। কৃতির আইনজীবীকে প্রাসঙ্গিক বিচারবিভাগীয় রায়, গবেষণাপত্র এবং অন্যান্য আইনি নথির সংকলন জমা দিতে বলা হয়েছে, পাশাপাশি এই অধিকার সম্পর্কে তার নিজস্ব আইনি ব্যাখ্যাও আদালতের সামনে তুলে ধরতে বলা হয়েছে।