কর্মবিরতিতে সরকারি প্রাথমিকের শিক্ষকরা

পূর্ণদিবস কর্মবিরতিতে গেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পৌনে চার লাখ শিক্ষক। সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণসহ তিন দফা দাবি আদায়ে এ কর্মসূচিটি শুরু করেছেন তারা। 
 

পূর্বঘোষণা অনুযায়ী সোমবার (২৬ মে) সকাল থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন তারা।
 

এর আগে, রবিবার এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। 
 

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ স্বাক্ষরিত এ কর্মসূচিতে তিন দফা তুলে ধরা হয়। 
 

দাবিগুলো হলো- কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ; ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন ও প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি দেওয়া।
 

দাবি আদায় না হওয়ায় সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়েছিলেন শিক্ষকরা।
এরআগে, গত ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত তিন দফা দাবিতে ১ ঘণ্টা, ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা, ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
 

All Categories