ক্লোসাকে ছুঁয়ে ছুটছেন এমবাপ্পে, ভাঙলেন মেসি-রোনালদোর রেকর্ড
প্রথম দুই বিশ্বকাপেই ফাইনাল খেলার রোমাঞ্চ, আর বিশ্বজয়ের স্বাদ পাওয়া কিলিয়ান এমবাপ্পের ক্যারিয়ারের শুরুটাই হয়েছে রূপকথার মতো। তবে ফরাসি এই অধিনায়ক যে কেবল শুরুতেই থামার পাত্র নন, তার প্রমাণ মিলছে চলতি বিশ্বকাপে।নিজের তৃতীয় বিশ্বকাপ খেলতে নেমে তিনি যেন আরও বেশি রুদ্রমূর্তি ধারণ করেছেন। মাত্র ১৬ ম্যাচ খেলেই তিনি ছুঁয়ে ফেলেছেন বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা গোলশিকারী জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে।
২০১৪ সালে যখন জার্মান কিংবদন্তি ক্লোসা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান, তখন তার নামের পাশে ছিল ২৪ ম্যাচে ১৬ গোলের মহাকীর্তি। দীর্ঘ এক যুগ ধরে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনটি তারই দখলে ছিল।
কিন্তু চলতি আসরে সেই সিংহাসনে প্রথম আঘাত হানেন লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই ক্লোসাকে ছোঁয়ার পর, গত ম্যাচে ১৮তম গোল করে এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন এই আর্জেন্টাইন মহাতারকা। তবে এই রেকর্ড গড়তে ম্যাচ খেলেছেন ২৮ টি।
মজার ব্যাপার হলো, মেসির এই কীর্তির কয়েক ঘণ্টার ব্যবধানেই ইরাকের বিপক্ষে ৩-০ গোলের জয়ে জোড়া গোল করে বসেন এমবাপ্পে।আর তাতেই মাত্র ১৬ ম্যাচে ক্লোসার ১৬ গোলের রেকর্ডে ভাগ বসালেন এই ফরাসি ফরোয়ার্ড। চলতি বিশ্বকাপে এই দুই মহাতারকার শীর্ষস্থান দখলের যে যুদ্ধ শুরু হয়েছে, তা কোথায় শেষ হয় তাই এখন দেখার বিষয়।
এদিকে বিশ্বকাপের টানা তিন বা তার বেশি ম্যাচে অন্তত দুটি করে গোল করার অনন্য কীর্তি গড়েছেন এমবাপ্পে। ইতিহাসের মাত্র চতুর্থ পুরুষ ফুটবলার হিসেবে এই ক্লাবে যোগ দিলেন তিনি। এর আগে ১৯৩০ সালে গুইয়ের্মো স্তাবিলে, ১৯৫৪ সালে স্যান্ডর কোচিস (৪ ম্যাচ) এবং সাম্প্রতিক সময়ে লিওনেল মেসি এই রেকর্ড গড়েছিলেন।
বিশ্বকাপে এ নিয়ে ষষ্ঠবারের মতো কোনো নির্দিষ্ট ম্যাচে একাধিক গোল করলেন এমবাপ্পে। যার মধ্যে রয়েছে পাঁচটি জোড়া গোল এবং একটি অনবদ্য হ্যাটট্রিক।
এমবাপের খেলার ধরনেও এসেছে দারুণ পরিবর্তন। বিশ্বকাপে তার প্রথম ১৩টি গোলের মধ্যে মাত্র একটি এসেছিল পেনাল্টি বক্সের বাইরে থেকে। অথচ শেষ ৩টি গোলের দুটিই তিনি করেছেন দূরপাল্লার শটে, বক্সের বাইরে থেকে।
আন্তর্জাতিক ফুটবলে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করার পর গোলের তালিকায় এমবাপের অবস্থান এখন অষ্টম। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই কিংবদন্তিকেও ছাড়িয়ে গেছেন এমবাপে। নিজের শততম আন্তর্জাতিক ম্যাচ শেষে লিওনেল মেসির গোল ছিল ৪৬টি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর ছিল মাত্র ৩৭টি। সেই তুলনায় ৬০ গোল করা এমবাপে যে ভবিষ্যতের আরো বড় কোনো রেকর্ডের দিকে ছুটছেন, তা বলাই বাহুল্য।