খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, মাঝেমধ্যে কথা বলছেন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে এবং তিনি তা গ্রহণও করতে পারছেন। হাসপাতালের শয্যাপাশে থাকা ছোট পুত্রবধূ শর্মিলা রহমানের সঙ্গে মাঝে মাঝে কথা বলছেন তিনি। চিকিৎসকের ডাকেও সাড়া দিচ্ছেন।

চার দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন খালেদা জিয়া। আরও কিছুদিন তাঁকে সিসিইউতে রেখেই পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। গতকাল রোববার সন্ধ্যায় চিকিৎসায় নিয়োজিত বোর্ডের সদস্যরা এসব তথ্য জানিয়েছেন।

মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে, আজ চীনের একটি চিকিৎসক প্রতিনিধি দল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তারা খালেদা জিয়ার চিকিৎসা-অবস্থা পর্যালোচনা করবেন এবং পরামর্শ দেবেন।

মেডিকেল বোর্ডের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘খালেদা জিয়ার অবস্থা কিছুটা ভালো। নতুন করে কোনো অবনতি হয়নি, এটাকেই আমরা উন্নতি হিসেবে দেখছি।’ তিনি জানান, প্রয়োজন অনুযায়ী অক্সিজেন দেওয়া হচ্ছে এবং তাঁর ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে। নতুন কিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে। শারীরিক অবস্থার আরও উন্নতি হলে তাঁকে সিঙ্গাপুর বা লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বোর্ডের এক সদস্য জানান, লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকও নতুন করে বোর্ডে যুক্ত হয়েছেন। সেখানেই গত জানুয়ারিতে চিকিৎসা নিয়েছিলেন খালেদা জিয়া। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই বোর্ড প্রতিদিন তাঁর চিকিৎসা নিয়ে মূল্যায়ন করছে। লন্ডন থেকে ডা. জোবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হসপিটালের কয়েকজন বিশেষজ্ঞ ভার্চুয়াল মাধ্যমে আলোচনায় অংশ নিচ্ছেন।

এ ছাড়া যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস, মাউন্ট সিনাইসহ বিভিন্ন দেশের চিকিৎসকদের পরামর্শ নিয়েই চলছে খালেদা জিয়ার চিকিৎসা।

ঢাকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন। বিএনপির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূতের পক্ষ থেকে দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ফুলের তোড়া ও পত্র পৌঁছে দেন। চেয়ারপারসনের পক্ষে তা গ্রহণ করেন তাঁর একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়নি। তবে উল্লেখযোগ্য উন্নতিও দেখা যায়নি। তিনি বলেন, তার মানে উনার শারীরিক অবস্থা অপরিবর্তিত। আমরা আশা করছি, দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন।

তিনি আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে চিকিৎসা-সংক্রান্ত সব বিষয় সমন্বয় করছেন।

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল রাজধানীর পল্লবী-২ নম্বর কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রার্থনা সভা।

All Categories