কানে উর্বশীর রঙিন সাজে হতাশ ফ্যাশনপ্রেমীরা

ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের মিলনমেলায় জমজমাট হয়ে উঠেছে কান সমুদ্রসৈকত। ভারত থেকেও এবার অংশ নিয়েছেন বেশ কয়েকজন তারকা।

তাদেরই একজন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। উৎসবের প্রথম দিন লাল গালিচায় হাঁটেন তিনি। তবে নিজের পোশাক ও সাজগোজ নিয়ে প্রশংসার বদলে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।

উৎসবে উর্বশী পরেছিলেন অফ শোল্ডার গাউন, তাতে নানা রঙের ছটা। চোখে ছিল উজ্জ্বল নীল আইশ্যাডো, চুলে ছিল ক্রিস্টালের হেয়ারব্যান্ড। হাতে ধরা ছিল প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্লাচ। সব মিলিয়ে তার সাজে ছিল একরাশ নাটকীয়তা।

তবে এই সাজগোজের প্রশংসা মেলেনি অনলাইনে। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়। কেউ লিখেছেন, ‘জঘন্য সাজ। কেউ বলছেন, ‘এআই লাগছে!’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘উর্বশীকে এড়িয়ে যাওয়াই ভালো।

এদিকে, এবারের উৎসবে প্রথমবারের মতো আলিয়া ভাটের যাওয়ার কথা থাকলেও, কাশ্মীর হামলার পর ভারতের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তিনি শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

তবে কান উৎসবের পুরোনো চেনা মুখ ঐশ্বরিয়া রাই বচ্চন এবারও থাকবেন বলে আশা করছেন অনুরাগীরা। এছাড়া উৎসবে অংশ নিচ্ছেন জাহ্নবী কাপুর, ইশান খাট্টার, নির্মাতা নীরাজ গাইওয়ান, প্রযোজক করণ জোহর এবং লাপাতা লেডিস খ্যাত অভিনেত্রী নিতানশি গোয়েল।

All Categories