কালবৈশাখী ঝড়ের কবলে পড়া সেই ‘ইত্যাদি’-এর প্রচার শুক্রবার

বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক হয়ে দীর্ঘদিন ধরে দেশের প্রতিটি প্রান্ত ছুঁয়ে চলেছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সমৃদ্ধ জেলা ঝিনাইদহে।

এশিয়ার অন্যতম বৃহৎ কৃষি খামার মহেশপুরের দত্তনগরের ফসলের মাঠের মাঝখানে বটবৃক্ষ ঘিরে নির্মিত হয়েছিল মূল মঞ্চ। আয়োজন ঘিরে গোটা এলাকাতেই ছিল উৎসবমুখর পরিবেশ। প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে জমে উঠেছিল মেলা। ঝিনাইদহের বিভিন্ন উপজেলা ছাড়াও চুয়াডাঙ্গা ও যশোর থেকেও ছুটে আসেন দর্শকরা।

তবে প্রকৃতি বাধা হয়ে দাঁড়ায় শুটিংয়ের ঠিক আগে। বিকাল ৩টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও তার কিছুক্ষণ আগে থেকেই শুরু হয় ঠান্ডা বাতাস। এরপর হঠাৎ নামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যা ধীরে ধীরে রূপ নেয় ভারি বর্ষণে। চার থেকে পাঁচ ঘণ্টা চলে এই বৃষ্টি। কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় ইত্যাদির সেট, লাইট, ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম। শুটিং শুরু হতে দেরি হলেও নিরুৎসাহ হননি আয়োজকরা। রাত বারোটার দিকে সীমিত ব্যবস্থাপনায় শুরু হয় ধারণ, যা চলে টানা ভোররাত পর্যন্ত।

এই পর্বে স্থান পেয়েছে ঝিনাইদহের কিংবদন্তি লোককবি পাগলা কানাইয়ের লেখা ও সুরে একটি লোকগান। কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী ও তসিবা, সংগীত পরিচালনায় ছিলেন মেহেদী। খ্যাতিমান গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন জেলারই সন্তান, জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। এছাড়া রয়েছে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গান, যেখানে অংশ নিয়েছেন শতাধিক স্থানীয় নৃত্যশিল্পী। কোরিওগ্রাফিতে ছিলেন মোহাম্মদ শাহিন ইসলাম, কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা।

প্রতিবারের মতো এবারও দর্শকদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব রাখা হয়েছে। স্থানীয়দের অংশগ্রহণে কলা ও পান নিয়ে একটি নাট্যাংশে পরিবেশিত হয়েছে ঝিনাইদহের ঐতিহ্য।

বিশেষ প্রতিবেদনগুলোর মধ্যে রয়েছে—দত্তনগর কৃষি খামার, ঝিনাইদহের কীর্তিমান ব্যক্তিত্ব, সমাজকর্মী পাখিপ্রেমী জহির রায়হান, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের পানি সংকট ও প্রাণীপ্রেমী নাজমুল হোসেনকে নিয়ে চিঠিপত্র বিভাগে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন। বিদেশি প্রতিবেদনে রয়েছে যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগোর সমুদ্রসৈকত ‘লা হোয় আ কোভ’-এ বিশ্রামে আসা সী লায়ন বা সমুদ্র সিংহদের নিয়ে তথ্যবহুল উপস্থাপনা।

এছাড়াও রয়েছে সমাজের নানা অসঙ্গতি, ত্রুটি ও সংস্কার নিয়ে তীর্যক ও ব্যঙ্গাত্মক নাট্যাংশ। ফেসবুকের অপব্যবহার, দালালচক্র, নাম সংকট, পশুপ্রেম, রাজনৈতিক সংস্কৃতি ইত্যাদি বিষয় উঠে এসেছে নাট্যরূপে।

এই পর্বে অংশ নিয়েছেন বাবুল আহমেদ, আবদুল্লাহ রানা, সুভাশিষ ভৌমিক, আমিন আজাদ, রকি খান, মুকিত জাকারিয়া, জাহিদ শিকদার, আশরাফুল আলম সোহাগ, নজরুল ইসলাম, সাদিয়া তানজিন, সুর্বনা মজুমদারসহ আরও অনেকে।

‘ইত্যাদি’র এবারের পর্ব প্রচারিত হবে ৩০ মে, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

All Categories