কাইলি জেনার ৫০ মিলিয়ন ডলারের হিরের অন্তর্বাসে ভিক্টোরিয়াস সিক্রেটের মঞ্চে
২০১৮ সালের পর প্রথমবারের মতো ‘ফ্যান্টাসি ব্রা’ ক্যাটওয়াকে ফিরে এসেছে। ভিক্টোরিয়াস সিক্রেট-এর র্যাম্পে অভিষেক ঘটিয়ে কাইলি জেনার এটি পরেছিলেন।
ফ্যাশন দুনিয়ায় ফিরে এসেছে পুরনো জৌলুস। নানা কেলেঙ্কারি ও সমালোচনায় একসময় কোণঠাসা হয়ে পড়া বিশ্বখ্যাত ব্র্যান্ড ‘ভিক্টোরিয়াস সিক্রেট’ যেন ফিনিক্স পাখির মতো ছাই থেকে ডানা মেলে ঘুরে দাঁড়িয়েছে।
এই জমকালো কামব্যাক শো-এর মূল আকর্ষণ ছিলেন কাইলি জেনার, যিনি ৫০ মিলিয়ন ডলার মূল্যের একটি হিরের অন্তর্বাস পরিধান করেছিলেন। রবিবার রাতের ফ্যাশন শো-তে কাইলি যখন র্যাম্পে পা রাখলেন, তখন দর্শকদের চোখ ধাঁধিয়ে যায়। জ্যাকব অ্যান্ড কো.-র তৈরি এই ‘ফ্যান্টাসি ব্রা’-তে ৯১টি বিশালাকার সাদা হিরার সঙ্গে মাঝখানে ৭৫ ক্যারেটেরও বেশি ওজনের একটি হলুদ হীরা জ্বলজ্বল করছিল।
১৯৯৬ সাল থেকে ভিক্টোরিয়াস সিক্রেটের এই ফ্যান্টাসি ব্রা একটি ঐতিহ্য, তবে এবার এর দাম আগের ১ মিলিয়ন ডলারের রেকর্ডকে ভেঙে দিয়েছে।
গ্র্যান্ড শো দেখতে প্রথম সারিতে উপস্থিত ছিলেন টিমোথি শ্যালামে, ক্রিস জেনার, নিকোল কিডম্যানের মতো তারকারা। পুরনো পরিচিত মুখ জোয়ান স্মলস ও ক্যান্ডিস সোয়ানেপোলের পাশাপাশি নতুন প্রজন্মের মডেল পালোমা এলসেসার ও অ্যালেক্স কনসানি র্যাম্পে ঝলমল করেছেন।
একসময় জেফরি এপস্টিন কাণ্ড এবং স্লিম বডি ফিগারকে প্রাধান্য দেওয়ার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছিল ব্র্যান্ডটি। ২০১৯ সালে শো বন্ধও রাখতে হয়েছিল। তবে ২০২৪ সাল থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন নতুন চিফ ক্রিয়েটিভ অফিসার অ্যাডাম সেলম্যান।
প্লাস-সাইজ ও ট্রান্সজেন্ডার মডেলদের অন্তর্ভুক্ত করে ব্র্যান্ডটিকে বৈচিত্র্যময় করার চেষ্টা চলছে, যার সুফলও দেখা যাচ্ছে, স্টক মার্কেটে শেয়ারের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। রবিবারের এই ঝলমলে রাতে নতুন প্রজন্মের মডেলরা আলো ছড়ানোর পাশাপাশি কিংবদন্তি অ্যাড্রিয়ানা লিমা ২১তম বারের মতো র্যাম্পে হেঁটে নিজের মুকুট অটুট রেখেছেন।