কাফনের কাপড় মাথায় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীরা রাস্তায়

ছয় দফা দাবি বাস্তবায়ন ও কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর দেশব্যাপী একযোগে এই কর্মসূচি পালন করা হয়। এর অংশ হিসেবে ঢাকার তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের হল মসজিদ প্রাঙ্গন থেকে একটি কাফন মিছিল বের হয়। মিছিলটি তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের রোড ও সাতরাস্তা হয়ে কলেজের দক্ষিণ গেটে গিয়ে শেষ হয়।

এই কর্মসূচির ঘোষণা আসে আগের দিন বৃহস্পতিবার রাত ১১টার দিকে, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মশাল মিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, শিক্ষা মন্ত্রণালয় নাটকীয় বৈঠকের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে। একইসঙ্গে কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানান তারা।

প্রায় দেড় মাস ধরে ছয় দফা দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। গত বুধবার সকাল ১০টা থেকে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। একই সময়ে দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করেন।

বুধবার দিনভর অবস্থান কর্মসূচির পর শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল থেকে দেশব্যাপী রেলপথ অবরোধের ঘোষণা দেন। তবে রাতে সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হলে তারা কর্মসূচি সাময়িকভাবে শিথিল করেন।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি:

১. ক্রাফট ইনস্ট্রাকটর বিষয়ে রায় বাতিল ও সংশ্লিষ্টদের চাকরিচ্যুতি হাইকোর্টের রায় বাতিলসহ ২০২১ সালের বিতর্কিত নিয়োগ বাতিল এবং সংশ্লিষ্টদের শাস্তি।

২. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদি রাখা আধুনিক ও মানসম্মত সিলেবাস প্রণয়ন।

৩. উপ-সহকারী প্রকৌশলী পদের জন্য একক যোগ্যতা নির্ধারণ কেবল চার বছর মেয়াদি ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীদের আবেদনযোগ্যতা নিশ্চিত করা।

৪. প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের ন্যূনতম বেতন নিশ্চিত করা দশম গ্রেড অনুযায়ী ১৬ হাজার টাকা বেসিক বেতন দাবি।

৫. কারিগরি সেক্টরে নেতৃত্বে কারিগরি শিক্ষিত জনবল নিয়োগ  পরিচালক থেকে অধ্যক্ষ পর্যন্ত সব পদে কারিগরি শিক্ষা ব্যাকগ্রাউন্ডের লোক নিয়োগ।

৬. কারিগরি শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় ও আসন নিশ্চিতকরণ উচ্চশিক্ষার জন্য পৃথক বিশ্ববিদ্যালয় এবং চারটি প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ আসন নিশ্চিত করার দাবি।

All Categories