এইচএসসির পর বিদেশে পড়াশোনার সফল প্রস্তুতি কৌশল
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের সামনে উচ্চশিক্ষার নতুন সুযোগ ও চ্যালেঞ্জ উন্মোচিত হয়। দেশে পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রতিযোগিতার পাশাপাশি প্রতিবছর অনেকে বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য প্রস্তুতি শুরু করে। তবে বিদেশে পড়াশোনা করার জন্য হঠাৎ সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পর্যায়ক্রমিক প্রস্তুতির মাধ্যমে এগোনো উচিত। ফল প্রকাশের পরের সময়টি বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে উপযুক্ত সময় বলে মনে করা হয়।
প্রথমত, নিজের আগ্রহ, একাডেমিক ফলাফল এবং আর্থিক সক্ষমতার ভিত্তিতে কোন দেশ ও বিষয় নির্বাচন করবেন তা নির্ধারণ করতে হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, জাপান ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা, টিউশন ফি এবং পড়াশোনার পর কর্মসংস্থানের সুযোগ ভিন্ন হওয়ায় দেশ ও বিষয়ে আগেভাগেই সিদ্ধান্ত নেওয়া জরুরি।
বিদেশে আবেদন করতে হলে বৈধ পাসপোর্ট থাকা আবশ্যক। যাদের পাসপোর্ট নেই, তাদের এখনই ই-পাসপোর্টের জন্য আবেদন করা উচিত। এছাড়া এসএসসি ও এইচএসসির মূল সনদপত্র, নম্বরপত্র, প্রশংসাপত্র এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের তথ্য সঠিক কিনা যাচাই করে এসব নথির স্ক্যান কপি সংরক্ষণ করা দরকার।
ইংরেজি ভাষাভাষী দেশে পড়াশোনার জন্য আইইএলটিএস, টোফেল, পিটিই বা ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের স্কোর বাধ্যতামূলক। যুক্তরাষ্ট্র ও কানাডার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে স্যাট পরীক্ষাও গুরুত্বপূর্ণ। জার্মানি, জাপানসহ অন্যান্য দেশে যাওয়ার জন্য সংশ্লিষ্ট ভাষার প্রাথমিক কোর্স শুরু করাও উপকারী। ফল প্রকাশের পরপরই এসব পরীক্ষার প্রস্তুতি শুরু করলে নির্ধারিত সেশনের জন্য আবেদন করা সহজ হয়।
বিদেশে পড়াশোনা ব্যয়সাপেক্ষ হওয়ায় পরিবারের আর্থিক সামর্থ্য বিবেচনা করা গুরুত্বপূর্ণ। অনেক দেশে ভিসার জন্য স্পন্সরের ব্যাংক একাউন্টে নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা দেখাতে হয়, তাই এখন থেকেই আর্থিক নথি প্রস্তুত রাখা উচিত। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে মেরিটভিত্তিক স্কলারশিপ বা টিউশন ফি মওকুফের শর্তাবলী খুঁজে বের করাও জরুরি।
আবেদন প্রক্রিয়ায় শিক্ষার্থীর যোগ্যতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার প্রধান মাধ্যম স্টেটমেন্ট অব পারপাস (SOP)। কেন ওই বিষয় ও বিশ্ববিদ্যালয় বেছে নেওয়া হয়েছে তা স্পষ্টভাবে লিখার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। পাশাপাশি কলেজ শিক্ষকদের কাছ থেকে দুটি বা তিনটি সুপারিশপত্র সংগ্রহ করাও প্রয়োজন।
বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত সেপ্টেম্বর ও জানুয়ারির দুটি মৌসুমে ভর্তি করে থাকে। আবেদন সময়সীমা বিশ্ববিদ্যালয়ভেদে ছয় মাস থেকে এক বছর আগেই শেষ হয়ে যেতে পারে, তাই পছন্দের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত পর্যবেক্ষণ করে ডেডলাইন মেনে আবেদন জমা দিতে হবে।
একাডেমিক ফলাফল ছাড়াও বিতর্ক, স্বেচ্ছাসেবী কাজ, গবেষণা ও ক্লাব কার্যক্রমের অভিজ্ঞতা বিদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত গুরুত্ব পায়। তাই হাতে থাকা সময়ে এসব দক্ষতা বৃদ্ধির সুযোগ গ্রহণ করা উচিত। পাশাপাশি নতুন পরিবেশ, সংস্কৃতি ও স্বাধীন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিক প্রস্তুতিও জরুরি। প্রবাসে খণ্ডকালীন কাজের নিয়মকানুন এবং জীবনযাত্রার খরচ সম্পর্কে পূর্ব ধারণা থাকলে নানা অসুবিধা কমে।
বিদেশে উচ্চশিক্ষার যাত্রায় দ্রুত সিদ্ধান্ত না নিয়ে সঠিক তথ্যের ওপর নির্ভর করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো এজেন্সির প্রলোভনে পড়ে বিভ্রান্ত হওয়ার পরিবর্তে নিজে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করা উচিত। এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সময়টুকু সঠিকভাবে কাজে লাগালে বিশ্বমানের শিক্ষার স্বপ্ন পূরণ সম্ভব।