ঢাকা রেঞ্জের আইনশৃঙ্খলা তদারকিতে ১২ পুলিশ কর্মকর্তার নিয়োগ
ঢাকা রেঞ্জের অধীনে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয় কার্যক্রম বাড়াতে ১২ জন পুলিশ কর্মকর্তাকে দুই মাসের জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এই কর্মকর্তাদের মধ্যে আটজন অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার এবং চারজন সহকারী পুলিশ সুপার রয়েছেন।
রোববার পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে পুলিশ মহাপরিদর্শকের আদেশক্রমে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান সই করেছেন। প্রজ্ঞাপনগুলো সোমবার প্রকাশিত হয়েছে।
নিয়োগপ্রাপ্ত আটজন অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার হলেন- ডিএমপি’র অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মোহাম্মদ শাহ ইমরান, মো. মেহেদী হাসান, এস এম আল-বেরুনী, এ বি এম মুজাহিদুল ইসলাম, মো. আতিকুর রহমান এবং সিএমপি’র অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোহেল রানা।
অন্যদিকে, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- সিআইডি’র মো. মোকছেদুল মমিন, পুলিশ সদর দপ্তরের মো. আবু সিয়াম ও মো. মাকসুদুল হাসান, এবং গাজীপুর মহানগর পুলিশের সালাউদ্দিন শাকিল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী দুই মাসের জন্য এই কর্মকর্তাদের রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করে ঢাকা রেঞ্জের জেলাগুলোর আইনশৃঙ্খলার সামগ্রিক তদারকি ও প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম জোরদার করা হবে। সংশ্লিষ্টরা ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেবেন।