‘জয় বাংলা’ বলা অপরাধ হলে, আমি সেই অপরাধে অপরাধী হতে চাই: আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) ভোর ৬টার দিকে শহরের দেওভোগ এলাকায় তার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রায় ৬ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে পুলিশ এ গ্রেপ্তার অভিযান সম্পন্ন করে।
গ্রেপ্তারের সময় আইভীর বাড়ির বাইরে বিপুলসংখ্যক সমর্থক অবস্থান করছিলেন। তারা পুলিশের উপস্থিতির প্রতিবাদে বিক্ষোভ করেন এবং সড়কে ব্যারিকেড দেন।
পুলিশের ভ্যানে ওঠার আগে আইভী সাংবাদিকদের বলেন, আমি জানি না আমাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে? আমার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে জানিয়েছে প্রশাসন, কিন্তু আমাকে দেখাতে পারেনি। আমি ২১ বছর সকল কিছুর উর্ধ্বে থেকে নারায়ণগঞ্জবাসীকে সেবা দিয়েছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলা যদি অপরাধ হয়, তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই।
আইভী বলেন, আমি কি কোনো জুলুমবাজ? আমি কি হত্যা করেছি? আমি কি চাঁদাবাজি করেছি? নারায়ণগঞ্জ শহরে আমি কোনো দিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি—এমন রেকর্ড আছে? তাহলে কিসের জন্য, কোন ষড়যন্ত্রের কারণে, কার স্বার্থে আমাকে গ্রেপ্তার করা হলো? আমিও প্রশাসনের কাছে জানতে চাই। বর্তমান যারা সরকারে আছেন, তারা সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকারকে হটিয়ে নতুন সরকারে এসেছেন—তাহলে কী এই বৈষম্য? তাহলে সৎ রাজনীতি, সততার কী মূল্যায়ন? আমি তো বাড়িতেই ছিলাম, পালাইনি। তাহলে এভাবে আমাকে গ্রেপ্তার করতে হলো কেন? সেই জবাব জনগণের কাছে চাই, জনগণই দিবে। ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি দল দেওভোগ এলাকায় আইভীর বাসায় অভিযান চালায়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সড়কে অবস্থান নেয় ও প্রতিবাদে ফেটে পড়ে। আশপাশের মসজিদ থেকে মাইকিং হলে শত শত মানুষ ভিড় করে এবং দেওভোগ সড়কের বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড দিয়ে পুলিশের গতিরোধ করে।
স্থানীয়দের দাবি, সেলিনা হায়াৎ আইভী এলাকার মধ্যে একজন জনপ্রিয় নেত্রী। তাই পুলিশি অভিযান দেখে তারা প্রতিবাদে রাস্তায় নেমে আসেন।