জুলাই সনদের খসড়া গ্রহণ করবে না এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেছেন, জাতীয় ঐকমত্য সংলাপে যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হচ্ছে, সেগুলো নির্বাচনের আগেই আইনি কাঠামোর মধ্যে আনতে হবে। তা না হলে জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদ গ্রহণ করবে না।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২১ দিনের সংলাপের বিরতিতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জাবেদ রাসিন বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা নির্বাচনের আগেই আইনগত ভিত্তি পেতে হবে। এই ভিত্তির ওপরেই পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে।

তিনি অভিযোগ করেন, কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করেই হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে। তাঁর ভাষায়, ‘এটি সঠিক কাজ নয়। আমরা এর তীব্র বিরোধিতা করছি। সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা হয়নি, অথচ তারা খসড়া প্রকাশ করেছে—এটা আমরা গ্রহণ করতে পারি না।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে চলমান আলোচনায় ‘র‍্যাংক চয়েজ’ পদ্ধতির প্রসঙ্গ তুলে ধরে জাবেদ রাসিন বলেন, এই পদ্ধতি অনুযায়ী আজ বিচার বিভাগ থেকে আরও দুই সদস্য যুক্ত করে সাত সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে। এই কমিটির সদস্যরাই ভোট দেবেন।

তিনি বলেন, আমরা এই প্রস্তাবে একমত হয়েছি। আমাদের সঙ্গে প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে, কেবল বিএনপি ও কিছু সহযোগী দল ছাড়া।

এনসিপির অবস্থান তুলে ধরে জাবেদ রাসিন বলেন, ‘আমরা বলেছি, যেসব মৌলিক সংস্কার ছাড়া ফ্যাসিবাদী কাঠামো দূর করা সম্ভব নয়, সেগুলো যদি বাস্তবায়ন না হয়, তবে জুলাই সনদে সই করা হবে কি না, তা দলের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। একতরফাভাবে কিছু চাপিয়ে দিলে আমরা তা মানব না।

আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছে যে সিদ্ধান্ত নেওয়া হবে, তা বাস্তবায়নের আইনি নিশ্চয়তা দিতে হবে।

All Categories