জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি : সালাহউদ্দিন

বিএনপি যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার বিকেলে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, জুলাই সনদ হাতে পাওয়ার পর ৩০ জুলাই বিএনপি লিখিতভাবে কিছু সংশোধনীসহ জবাব দিয়েছে। সনদ বাস্তবায়নের বিষয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করেছি। অথচ কেউ কেউ বলছেন, বিএনপি নিশ্চয়তা না পেলে সই করবে না। এ ধরনের মন্তব্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব রয়েছে মন্তব্য করে সালাহউদ্দিন জানান, ঘোষণাপত্রের খসড়া প্রস্তাবে ২৬ মার্চকে রাষ্ট্রীয় দিবস হিসেবে উপস্থাপন করা হয়নি। এ বিষয়ে দলটি ভিন্নমত পোষণ করে এবং বিষয়টি ফেব্রুয়ারিতেই জানানো হয়েছে।

তিনি বলেন, ঘোষণাপত্রে যেসব বিষয়ে আমরা সংশোধন চেয়েছি, সেগুলো গৃহীত না হলে পাঠের পর বিএনপি নিজেদের অবস্থান স্পষ্ট করবে।

জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার কমিশন প্রসঙ্গে সালাহউদ্দিন জানান, তাদের সঙ্গে হওয়া আলোচনায় উত্থাপিত ১৯টি মৌলিক বিষয়ের মধ্যে ১২টিতে বিএনপি একমত হয়েছে এবং ৭টিতে “নোট অব ডিসেন্ট” দিয়েছে।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে আসন্ন জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিএনপিকে এখনো আমন্ত্রণ জানানো হয়নি বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

ফ্যাসিবাদবিরোধী বৃহত্তর ঐক্য রক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন,সনদ নিয়ে কেউ যেন বিভ্রান্তি না ছড়ায়। আমরা ইতিবাচক মনোভাবেই অংশ নিয়েছি। সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

All Categories